বাংলাদেশ-ভারত দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচ উদ্বোধনে সরকারি সফরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি কলকাতার স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌরসভা বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
বাসস জানায়, বিমানবন্দরে আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হয়। কলকাতায় এই স্বল্পকালীন সফরে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।
দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত এই প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলবে যেখানে প্রথমবারের মতো গোলাপি রঙের বল ব্যবহার করা হবে। এটি সিরিজের দ্বিতীয় ম্যাচ।
শুক্রবার সন্ধ্যায় হোটেল তাজ বেঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
আজই রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ফ্লাইটটি রাত সাড়ে ১১টায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। পরে ভারতীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়।
