হরলিকসের বয়াম ভেঙে যাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৪:৩৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীর মাথা ন্যাড়া করে দিয়েছেন তার স্বামী মোরশেদুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার ইউছুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাথা ন্যাড়া করার পর থেকেই ওই গৃহবধূকে বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয়েছিল।

শুক্রবার সকালে থানা পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালিয়ে ওই গৃহবধূকে উদ্ধার এবং তার স্বামী মোরশেদুলকে গ্রেপ্তার করে।

স্থানীয়রা জানান, নাটোরের সিংড়া উপজেলার পাঁচপাকিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে মার্জিয়া আক্তার রূপালীর (২২) সঙ্গে নয় মাস আগে নন্দীগ্রাম উপজেলার মোশারফ হোসেনের ছেলে মোরশেদুলের বিয়ে হয়। মোরশেদুল পেশায় পরিবহন শ্রমিক (ট্রাক চালক)।

রূপালীর মা মঞ্জুয়ারা বেগম জানান, মেয়ের বিয়ের সময় নগদ দেড় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর তার জামাই পাকা বাড়ি তৈরির কাজ শুরু করে। ওই বাড়ির কাজ শেষ করতে আরো দুই লাখ টাকা প্রয়োজন বলে সে ওই টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে রূপালীকে চাপ দিচ্ছিল। মেয়ে টাকা এনে না দেওয়ায় মোরশেদুল ও তার পরিবারের সদস্যরা প্রায়ই মেয়েকে নির্যাতন করত।

মঞ্জুয়ারা বেগম জানান, বুধবার সকালে মোরশেদুল ট্রাক চালানোর উদ্দেশ্যে বাইরে যায়। ওই দিন দুপুরের দিকে রূপালীর হাত থেকে একটি হরলিকসের বয়াম পড়ে ভেঙে যায়। এ নিয়ে তার শাশুড়ি রূপালীকে গালাগালি শুরু করলে দু’জনের মধ্যে ঝগড়া হয়। বৃহস্পতিবার দুপুরে মোরশেরদুল বাড়ি ফিরে এই ঘটনা শুনে স্ত্রীকে মারপিট করে। এরপর তাকে বাথরুমে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করে দেয়। পরে তার শাশুড়ি বেবী খাতুন রূপালীকে একটি ঘরে আটকে রাখে।

তিনি জানান, রূপালী মোবাইল ফোনে ঘটনাটি বাবা-মাকে জানালে শুক্রবার সকালে তিনি (মঞ্জুয়ারা) জামাই বাড়ি যান। তিনি গ্রামের লোকজনের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করতে গেলে মোরশেদুল ও তার পরিবারের বাধার মুখে পড়েন। পরে নন্দীগ্রাম থানা পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার ও মোরশেদুলকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার এবং তার স্বামী মোরশেদুলকে গ্রেপ্তার করা হয়েছে।

স্ত্রীকে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে ওই গৃহবধূর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত