ছাত্রলীগ নেতার যৌন হয়রানি, অপহরণের হুমকি: পুলিশ নির্বিকার

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৬:২২ পিএম

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় ইভটিজিংয়ের অভিযোগ করে উল্টো নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছে মাদ্রাসাছাত্রী ও তার পরিবার। অভিযোগ তুলে নিতে ওই ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা নিয়মিত হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের।

এ দিকে পুলিশ অভিযোগের পর দুই মাস পার হয়ে গেলেও তা আমলে না নেয়ার কথা জানিয়েছে পরিবারটি।

তারা জানায়, কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব একটি দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত। ইভটিজিংয়ের শিকার ১৬ বছরের ওই ছাত্রী পরিবারের সহযোগিতায় ১৬ সেপ্টেম্বর দেবীদ্বার থানায় নিজেই বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করে। এরপর ছাত্রলীগ নেতা মাহাবুব ও তার সহযোগীরা অভিযোগ তুলে নিতে ওই ছাত্রী এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।

ছাত্রীর অভিযোগের দুই মাস অতিবাহিত হওয়ার পরও পুলিশ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন।

অভিযোগ থেকে জানা যায়, কুমিল্লা দেবীদ্বার উপজেলার ওই মাদ্রাসা ছাত্রী প্রতিদিনের মতো গত ৪ সেপ্টেম্বর মাদ্রাসায় যাওয়ার সময় সকাল সাড়ে ১০টায় ছাত্রলীগ নেতা মাহাবুব তার পথরোধ করে। এ সময় জোরপূর্বক শ্লীলতাহানিসহ অশালীন কথাবার্তা বলে তার হাত ধরে টানাহেঁচড়া করে। পরে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মাহাবুব পালিয়ে যায়। যাওয়ার সময় ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। বর্তমানে ছাত্রলীগ নেতা মাহাবুব ও তার সন্ত্রাসীদের ভয়ে মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দেয় ওই ছাত্রী।

এ বিষয়ে মাদ্রাসা ছাত্রীর বড় বোন জানান, ছাত্রলীগ নেতা মাহাবুবের ভয়ে আমার বোন মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। বোন ও পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চাই।

দেবীদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার দেশ রূপান্তরকে জানান, বিষয়টির তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত