সুঁইবিদ্ধ আনোয়ারা অস্ত্রোপচারের অপেক্ষায় ১৫ দিন হাসপাতালে

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ১০:০৩ পিএম

শুধু দায়িত্বরত সার্জন সময় দিতে না পারায় গত ১৫ দিন ধরে শরীরে বিঁধে থাকা সুঁই নিয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পড়ে আছেন পঞ্চাশোর্ধ আনোয়ারা বেগম। তিনি জেলার মহম্মদপুর উপজেলার রাঢ়ীখালী গ্রামের গোলাম রসুলের স্ত্রী। তবে ওই চিকিৎসক বলছেন, রোগীর স্বজনরা তাকে বিষয়টি জানাননি।

হাসপাতালের রেজিস্টার খাতা থেকে দেখা যায়, আনোয়ারা বাঁ হাতের বাহুতে ভেঙে থাকা সুঁই নিয়ে গত ৭ নভেম্বর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। পরদিন দায়িত্বরত সার্জন ডা. শফিউর রহমানের পরামর্শে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু এরপর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ভেঙে থাকা সুঁইটি শরীর থেকে বের করা হয়নি।

হাসপাতালের দোতলায় ৬ নম্বর বেডে চিকিৎসাধীন আনোয়ারা বলেন, ‘কাপড় দিয়ে হাত মুছতে গিয়ে হাতে বিঁধে যায় কাপড়ে জড়িয়ে থাকা সুঁই। ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর ডাক্তার ওমিপ্রাজল আর প্যারাসিটামল দিয়েছেন। সেগুলো নিয়মিত খেয়ে যাচ্ছি। তবে জানি না কবে আমার অপারেশন করবে আর কবে বাড়িতে ফিরে যেতে পারব।’

দায়িত্বরত চিকিৎসক সার্জন শফিউর রহমান বলেন, ‘হাসপাতালে এতদিন ধরে রোগী রয়েছে সেটি কেউ অবগত করেনি। তাছাড়া রোগীর পক্ষেও কেউ আমার সঙ্গে দেখা করেনি বলে অপারেশন করা যায়নি।’

আনোয়ারা বেগমের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বিকাশ শিকদার বলেন, ‘নামে এটি ২৫০ শয্যার হাসপাতাল। কিন্তু ১০০ বেডের জনবলও নেই। অথচ মাত্রাতিরিক্ত রোগীর চাপ। সপ্তাহে ছয় দিন ওটির কাজ চললেও সংকটে একেবারেই নাজেহাল অবস্থা। এসব কারণে আন্তরিকতা থাকলেও প্রয়োজনীয় সেবা দেওয়া যাচ্ছে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত