ক্রেতা সেজে বিপন্ন ডাহুক উদ্ধার করলেন সাংবাদিকরা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১২:২১ এএম

নানান নাটকীয়তার মধ্য দিয়ে ক্রেতা সেজে শ্রীমঙ্গল উপজেলার জীবনগঞ্জ বাজার এলাকার শিকারি শামীম মিয়ার কাছ থেকে দুটি বিপন্ন ডাহুক পাখি উদ্ধার করেছেন এক সাংবাদিক।

শুক্রবার সকালে ভুনবীর চৌমোহনায় একজন শিকারি বিক্রির জন্য বিপন্ন ডাহুক পাখি নিয়ে এসেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানতে পান সাংবাদিক হৃদয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পরেন পাখি নিয়ে শিকারি শামীম মিয়া বাড়ি চলে গেছে।

পরে খোঁজ খবর নিয়ে ক্রেতা সেজে মোবাইল ফোনে শিকারি শামীমের সাথে দুটি বিপন্ন ডাহুক ৮০০০ হাজার টাকা মূল্যে কেনার কথা হয়। সন্ধ্যার দিকে স্থানীয় সাংবাদিক রিমন ইসলাম এবং অভিজিৎ চৌধুরীকে সাথে নিয়ে শিকারির বাড়ি পৌঁছে যায় সাংবাদিক হৃদয়। পাখি দুটি নিয়ে গোপনে বন বিভাগকে ফোন দিলে তাৎক্ষণিকভাবে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারি শামীমকে ডাহুক পাখিসহ বন বিভাগের অফিসে নিয়ে আসে। পরে আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা দিলে শিকারি শামীমকে ছেড়ে দেয়া হয়।

প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, সাংবাদিক হৃদয় আমাদের আগে থেকেই ইনফরমেশন দিয়ে রেখেছিল তাই আমরা প্রস্তুত ছিলাম। তার ফোন পাওয়ার পর পরই ঘটনাস্থল থেকে শিকারি শামীমকে দুটি বিপন্ন ডাহুকসহ আমরা ধরতে সক্ষম হই।

তিনি জানান, প্রথমবারের মতো ধরা পড়ায় আর কোনো দিন পাখি শিকার করবে না মর্মে লিখিতভাবে মুচলেকা নিয়ে শামীমের পিতা ইয়াতুন মিয়ার হাতে তাকে তুলে দেয়া হয়েছে।

সাংবাদিক হৃদয় জানান, শামীম দীর্ঘদিন ধরে হাওর অঞ্চল থেকে পাখি শিকার করে আসছে। দুটি বিপন্ন ডাহুক তার কাছে রয়েছে জানতে পেরে সকাল থেকেই দীর্ঘ প্রতীক্ষার পর সন্ধ্যায় তার বাড়ির ঠিকানায় পৌঁছে যাই। স্থানীয় বন বিভাগের লোকজনের সহায়তা নিয়ে বিপন্ন ডাহুক দুটি উদ্ধার করতে পেরেছি!

সাদা বুকের জলচর পাখি ‘ডাহুক’। এর ইংরেজি নাম White-breasted Waterhen। এরা গড়ে ৩২ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হয়। এরা সাধারণত দিবাচর। একা বা জোড়ায় থাকে। উদ্ভিদ ঢাকা সব ধরনের জলাভূমিতে বিচরণ করে। প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হওয়ার কারণে এদের জীবনও হুমকির সম্মুখীন।

বাংলাদেশের বন্যপ্রাণী আইন (সংরক্ষণ ও নিরাপত্তা) এর ধারা অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত