যুবলীগের কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১১:১৬ এএম

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বেলা ১১টার পরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন তিনি।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে।

সভাপতি পদে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তিনি সরাসরি রাজনীতিতে ছিলেন না। বিদেশে পড়াশোনা করেছেন। এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

সাম্প্রতিক সময়ে চলা শুদ্ধি অভিযানে যুবলীগের সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ কয়েক নেতা। অব্যাহতি দেওয়া হয় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে।

গত ২০১২ সালের ১৪ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে মো. হারুনুর রশিদ নির্বাচিত হন।

যুবলীগ বাংলাদেশের প্রথম যুব সংগঠন যা ১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। আওয়ামী লীগের এই সহযোগী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত