জাকির নায়েকের থেকেও অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাউদ্দিন ওয়েইসিকে বেশি বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিন অনলাইন শনিবার তসলিমার এক টুইট বার্তায় বরাত দিয়ে এ তথ্য জানায়।
টুইটারে তসলিমা নাসরিন লেখেন, ‘আমার মতে জাকির নায়েকের থেকেও বিপজ্জনক আসাদউদ্দিন ওয়েইসি। ধর্মকে কাজে লাগিয়ে নায়েক উগ্রপন্থা ছড়াচ্ছে। এদিকে, ধর্মকে হাতিয়ার করে রাজনৈতিক অভিসন্ধি পূরণ করছে ওয়েইসি। আমরা মৌলবাদীদের শত্রু বলে গণ্য করি। তবে ধর্ম নিয়ে রাজনীতি করা নেতাদের চিনে উঠতে পরি না। কারণ তারা গণতন্ত্রের আড়ালে ধর্মতন্ত্র চালায়।’
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এআইএমআইএম রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনায় ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল গরম হয়ে উঠেছে। গত মাসে বাংলা বিহার সীমানার কিষানগঞ্জ উপনির্বাচনে জয় পাওয়ার পর রাজ্যে সংগঠন বিস্তারে আরও জোর দিয়েছে দলটি।
