মাদারীপুর শহর সংলগ্ন কুমার নদের ভাঙনে গতকাল শনিবার ভোররাতে পাঁচটি বাড়ি এবং বেশ কিছু গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া সাতটি বাড়িতে ফাটল ধরেছে। এতে আতঙ্কে রয়েছে পাঠককান্দি মহল্লার শতাধিক পরিবার।
সরেজমিনে ঘুরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদের ভাঙনে গতকাল ভোররাতে পাঠককান্দি মহল্লার একটি খানকা শরিফ, চুন্ন গৌড়া, মুরাদ হাওলাদার, আলী সরদারের বাড়িসহ পাঁচটি বাড়ি নদের গর্ভে বিলীন হয়। এ সময় পাঠককান্দি এলাকাবাসী বিশেষ করে নদী সংলগ্ন ঘরবাড়িতে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই মহল্লার খোকন তালুকদার জানান, গভীর রাত থেকেই এলাকায় ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পানি উন্নয়ন বোর্ড মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ‘আমরা সরেজমিনে ঘুরে দেখেছি। তাছাড়া জরুরি ভিত্তিতে ৩০ লাখ টাকার বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কতৃ©পক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলেই আমরা কাজ শুরু করব।’
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, কুমার নদের ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণসহ ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
