ঢাকা জেলার সাভারের ভাটপাড়া এলাকায় প্রায় ৩৯ শতাংশ জমি জবরদখল ও সেখান থেকে সাইনবোর্ড ভেঙে ফেলার অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের এক প্রবাসী। মো. সাহাব উদ্দিন মোল্লা নামের ওই প্রবাসী ৫ নভেম্বর পুলিশ সদর দপ্তরে এই অভিযোগ করেন।
সাহাব উদ্দিন মোল্লার অভিযোগ থেকে জানা যায়, সাভারের ভাটপাড়া মৌজায় ৩৯ দশমিক ২২ শতাংশ জমি তিনি ও তার ভাইবোনেরা পৈতৃক সূত্রে পেয়েছেন। সেখানে সীমানাপ্রাচীরও দেওয়া আছে। স্থানীয় ইলিয়াস মোল্লা, মঞ্জুরুল করিম ও এনামুল করিমসহ কয়েক ব্যক্তি ওই জমি দখলের চেষ্টা করছেন। রাতের আঁধারে ওই জমিতে থাকা সাইনবোর্ড ভেঙে ফেলেছেন তারা। তারা ওই জমির কেয়ারটেকার মিজানকেও হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় সাহাব উদ্দিন সাভার থানায় জিডি করেন।
তবে অভিযুক্ত মঞ্জুরুল করিম ফোনে দেশ রূপান্তরকে বলেন, জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ সোসাইটির নামে সাহাব উদ্দিন মোল্লার কাছ থেকে ১৯৭৯ সালে আমরা ওই জমি ক্রয় করেছি। তিনি নিজেই ওই জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। এখন আবার নিজের বলে দাবি করছেন। তার দাবি সঠিক হলে তিনি পুলিশের কাছে অভিযোগ দেন কেন? তার আদালতে মামলা করা উচিত। আদালত ফয়সালা করবে।’
ইলিয়াস মোল্লা বলেন, ‘অভিযোগকারী সাহাব উদ্দিন তাদের পৈতৃক ১ দশমিক ২৪ একর জমি জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেছেন। আমাদের কাছে দলিলসহ যাবতীয় নথি আছে।’
তবে সাহাব উদ্দিন মোল্লা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা যে জমি বিক্রি করেছি এই ৩৯ দশমিক ২২ শতাংশ জমি তার মধ্যে নেই। তারা এই জমি কেনার কোনো প্রমাণ দেখাতে পারলে আমরা জায়গা ছেড়ে দেব।’
