টসের সিদ্ধান্ত উল্টে যেতে দেখে বিস্মিত পাপন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৩:৩৯ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানতেন ইডেন গার্ডেনসের টেস্টে টস জিতে ফিল্ডিং নেবে বাংলাদেশ। তার সঙ্গে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক মুমিনুল হকের তেমন কথা হয়েছিল। কিন্তু শুক্রবার ইডেনে উপস্থিত থেকেই পাপন সেই সিদ্ধান্ত মাঠে উল্টে যেতে দেখে খুব বিস্মিত হয়েছিলেন।

গতকাল ভারতের বিপক্ষে নাজেহাল শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে নাজমুল হাসান জানালেন, ‘ব্যাটিং নেওয়ায় আমি সত্যিই আশ্চর্যান্বিত হয়েছি। কারণ আগের দিনও কথা হয়েছে। কোচ-অধিনায়ক দুজনেই বলেছে ফিল্ডিং নেবে। কারণ এটা নিশ্চিত ছিল। তারপর টসে জিতে যখন দেখেছি ব্যাটিং নিয়েছে, তখনই প্রথম ধাক্কা খেয়েছি। সম্ভবত আত্মবিশ্বাসের কারণে কিনা জানি না।’

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ভারত-বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্ট নিয়ে বিশাল আয়োজন করেছেন। তাদের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে টেস্টের উদ্বোধন করেছিলেন। সঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন। ছিলেন নাজমুল হাসানও।

প্রথম ইনিংসে ১০৬ রানে অল আউট, দ্বিতীয় ইনিংসের ১৩ রানে হারাতে হয়েছিল ৪ উইকেট। ইন্দোরের মতো এখানেও চোখ রাঙাচ্ছে ইনিংস হার। তবে ‘টেস্টে আমরা বেশি দুর্বল দল’ বলে নিয়ে খেলোয়াড়দের একহাত নিয়েছেন নাজমুল হাসান, ‘টেস্টে আমাদের খেলোয়াড়রা ধৈর্য ধরতে পারে না। টেম্পারামেন্ট নেই। তারা বাইরে যত শট খেলতে যায় এত মারার দরকারই নেই। এই যে তাইজুল দেখেন শেষে যে শটে আউট হলো ওটা মারার দরকারই ছিল না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত