বগুড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (পুরোনো জেএমবি) উত্তরাঞ্চলীয় প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার পাকুরতলা বাসস্ট্যান্ডে পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি (ল ফুল ইন্টার সেকশন সেল) শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার বেলা সাড়ে ১১টায় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখা ও বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা যৌথভাবে অভিযান চালিয়ে পাকুরতলায় ঢাকা-রংপুর মহাসড়কের পূর্ব পাশ থেকে পুরাতন জেএমবি’র রংপুর ও রাজশাহী বিভাগের দায়াতি বিভাগ প্রধান আতাউর রহমান ওরফে হারুন ওরফে আরাফাত (৩৪), পুরাতন জেএমবির রংপুর ও রাজশাহী বিভাগের বায়তুল মাল প্রধান ও নওগাঁ জেলার দায়িত্বশীল মিজানুর রহমান ওরফে নাহিদ ওরফে মোরছাল (৪২), পুরাতন জেএমবির গাইবান্ধা জেলার দায়িত্বশীল জহুরুল ইসলাম ওরফে সিদ্দিক (২৭) ও পুরাতন জেএমবির বগুড়া জেলার দায়িত্বশীল মিজানুর রহমানকে (২৪) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ১টি চাকু, ১ কেজি বিস্ফোরক, ৮টি গ্রেনেড বডি, ১০টি গ্রেনেড তৈরির সার্কিট বডি, ১০০কে ৩০টি রেজিস্টেন্স, ১০০ কে ১৫টি ক্যাপাসিটর, ১টি তাতাল, ১০টি ভেরো বোর্ড, ৫টি ব্যাটারি, ২০টি চুনি বাল্ব, ১৫টি সুইজ, ১টি সার্কেট মিটার, এক কোয়েল রাং, ২টি রজন, ১৫টি লক কেবল, ১০০০ কে ১৫টি ক্যাপাসিটর ও ২ গ্রোস সাইকেলের চাকার বল উদ্ধার করেছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
