ভারতের মহারাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক শেষ পর্যন্ত দেশটির সুপ্রিম কোর্টে গড়িয়েছে। শিবসেনা, এনসিপি, কংগ্রেস এবং ক্ষমতাসীন বিজেপিকে নোটিশ পাঠানো হয়েছে।
এর আগে নাটকীয় সিদ্ধান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে অভিযোগ করে শিবসেনা এবং কংগ্রেস।
তাদের দাবি, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি নিয়ম মেনে শপথ গ্রহণ করাননি। তাই ওই শপথগ্রহণ বাতিল করা হোক। নয়তো আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘ফ্লোর টেস্টের’ অনুমতি দেওয়ার জন্যেও কোর্টে আবেদন করেন মামলাকারীরা।
অভিষেক মনু সিংভি বলেন, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৪৫ জন বিধায়কের সমর্থন নেই দেবেন্দ্র ফড়নবীশ সরকারের কাছে। অথচ ফড়নবীশ মুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ফেললেন। সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কিনা, সেটা দেখা হল না। বিচারপতিরা জানতে চান, কীভাবে সংখ্যাগরিষ্ঠতা দাবি করা হয়েছিল। জবাবে কপিল সিব্বল বলেন, ‘আমরা জানি না, কোনও রেকর্ড নেই।’
শুনানির পর বিচারপতিরা চার পক্ষকে নোটিশ পাঠান।
