২৮৬টি বিয়ের অভিযোগে রাজধানীতে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৫:৫১ পিএম

প্রতারণার মাধ্যমে ২৮৬টি বিয়ের অভিযোগে জাকির হোসেন ব্যাপারী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি রাজধানীতে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর একে একে বের হয়ে আসছে এই যুবকের অপকর্মের আরও নানা কাহিনি। বর্তমানে সে রাজধানীর তেজগাঁও থানায় ধর্ষণ মামলায় রিমান্ডে রয়েছে।

জাকির হোসেন ব্যাপারীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানা-পুলিশ রবিবার দেশ রূপান্তরকে জানায়, ৩৮ বছর বয়সী এই যুবক এক যুগ ধরে বিভিন্ন সময়ে কখনো কাবিন করে কিংবা শুধু কলেমা পড়ে দেশের নানা অঞ্চলে ২৮৬ জন নারীকে প্রতারণা করে বিয়ে করেন জাকির।

ফেসবুকে নিজেকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন লালমনিরহাট জেলার দুর্গাপুর গ্রামের জাকির।

সম্প্রতি রাজধানীর মিরপুরের এক নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে সেই নারীকে জাকির নিজের ২৮৬টি বিয়ের ঘটনা জানায়। তার অভিযোগের ভিত্তিতে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

ইউটিউবে গান শুনিয়ে নারীদের আকৃষ্ট করত এই যুবক। কোনো কোনো সময় মোবাইল ফোনের মেসেঞ্জারে ছবি কিংবা ভিডিও ক্লিপ পাঠিয়ে নারীদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত সে। নারী-পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের ছবি টার্গেটকৃত সুন্দরী নারীদের মোবাইল ফোনে পাঠিয়ে দিত। অনেক সময় বিবাহিত নারীদের স্বামীর সাথে বনিবনা না হলে মধ্যস্থতার কথা বলে ওই নারীকেই বিয়ের প্রস্তাব দিত সে। আবার আর্থিকভাবে দরিদ্র নারীদের সহায়তার কথা বলেও দুর্বলতার সুযোগ নিত।

জাকিরের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানা-পুলিশের উপপরিদর্শক তৌফিক আহমেদ জানান, জাকির হোসেন ব্যাপারীকে দুই দিন আগে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন ধর্ষণ মামলায় রিমান্ডে রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই যুবক এক যুগ ধরে বিভিন্ন সময়ে কখনো কাবিন করে কিংবা কখনো কাবিন ছাড়াই দেশের নানা অঞ্চলে ২৮৬ জন নারীকে প্রতারণা করে বিয়ে করেছেন। শনিবার সকাল ১০টা পর্যন্ত জাকিরের বিবাহিত স্ত্রী পরিচয় দিয়ে ১৪ জন নারী থানায় এসে এবং অনেকে মোবাইল ফোনেই জাকিরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত