পশ্চিমবঙ্গে উপনির্বাচনে গণধোলাইয়ের শিকার বিজেপি প্রার্থী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০১:৩০ পিএম

পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর বিধানসভা উপনির্বাচনে গণধোলাইয়ের শিকার হয়েছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার।

আনন্দবাজার পত্রিকা জানায়, সোমবার সকালে উপনির্বাচন চলাকালীন পিপুলখোলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সামনেই বেধড়ক মারধরের শিকার হন তিনি।

জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে পিপুলখোলায় একটি বুথে যান জয়প্রকাশ মজুমদার। সেখানে তার ওপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক। এলোপাতাড়ি লাথি-কিল-চড় মারা হয় তাকে।

মারধরের একপর্যায়ে রাস্তার পাশের ঝোপে পড়ে যান জয়প্রকাশ। এরপরেও তার ওপর হামলা থামেনি। টিভি চ্যানেলের ক্যামেরায় পুরো ঘটনাটি এভাবেই উঠে আসে।

এদিকে এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন জয়প্রকাশ। তার অভিযোগ, বুথের পাশে একটি জায়গায় ২০-২৫ জনের একটি দল বসেছিল। সেখানে কি হচ্ছে জানতে চাইলে তারা জবাব দেয়, প্রিসাইডিং অফিসারের জন্য রান্না চলছে। এ নিয়ে প্রশ্ন করতেই তার ওপর ঝাঁপিয়ে পড়ে দলটি।

জয়প্রকাশের ভাষ্য, ‘ভোট লুটে বাধা দেওয়ায় মারধর করা হয় আমাকে। নির্বাচন কমিশনকে সব জানিয়েছি। গুন্ডা নামিয়ে নির্বাচন করানো হচ্ছে। ভিডিওতে সব প্রমাণ আছে। ’

ঘটনাস্থলে উপস্থিত কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি। তার দাবি, নিরাপত্তা বাহিনীর সামনেই সবকিছু ঘটেছে, তারা বাধা দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত