বীরবিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের পরিবারকে প্রধানমন্ত্রীর নিজ হাতে তুলে দেয়া উপহার মোবাইল ফোন সেট চুরির পর র্যাব সেটি উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে।
চুরি হওয়ার ৪ দিনের মাথায় রোববার সন্ধ্যায় র্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্প মোবাইল ফোনটি উদ্ধার করে মুক্তিযোদ্ধা পরিবারটির হাতে তা তুলে দেয়।
র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম বলেন, ২০১৭ সালের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে স্যামসাং ব্রান্ডের একটি মোবাইল ফোন উপহার দিয়েছিলেন মুক্তিযোদ্ধা পরিবারকে। গত ২১ নভেম্বর চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যান মরহুম আব্দুল হকের স্ত্রী ছুকেরা খাতুন। সেখান থেকে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুক্তিযোদ্ধার স্ত্রী ছুকেরা খাতুন ।
মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হকের স্ত্রী ছুকেরা খাতুন জানান, মোবাইলটি চুরি হওয়ার পর আমার ছেলে মো. আব্দুর রহিম বিষয়টি র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে ফোনে জানায়। তিনি ফোনটি উদ্ধার করে দেবার আশ্বস্ত করেন। ২৫ নভেম্বর দুপুরে ফোনটি র্যাব-৯ আমার হাতে সেই ফোনটি তুলে দেন।
