ভারত সরকারের নানা উদ্যোগ-আয়োজনের পরও দেশটির গ্রামে গ্রামে শৌচাগারের অভাব পূরণ হচ্ছে না। বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, দেশটির গ্রামাঞ্চলে এখনো এক-চতুর্থাংশের বেশি পরিবারের শৌচাগার সুবিধা নেই।
যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাসখানেক আগে তাদের গ্রামাঞ্চল উন্মুক্ত মলত্যাগমুক্ত হয়েছে বলে ঘোষণা করেন।
শনিবার প্রকাশিত ‘এনএসওর ড্রিংকিং ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাউজিং কন্ডিশন ইন ইন্ডিয়া’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ভারতের গ্রামাঞ্চলের ৭১ দশমিক ৩ শতাংশ পরিবার ও শহরাঞ্চলের ৯৬ দশমিক ২ শতাংশ পরিবারের শৌচাগার ব্যাবহারের সুবিধা ছিল।
ভারতে ক্ষমতাসীন এনডিএ জোট ২০১৪ সালে স্বচ্ছ ভারত মিশন ঘোষণা করে চলতি বছরের ২ অক্টোবরের মধ্যে দেশের গ্রামাঞ্চলকে শতভাগ শৌচাগারের আওতায় নিয়ে আসার লক্ষ্য ঘোষণা করে। গ্রামের সব পরিবারের এ সুবিধা নিশ্চিত করাই ছিল এর লক্ষ্য।
প্রতিবেদনের উল্লেখযোগ্য তথ্য হলো, ২০১৮ সালে উত্তর প্রদেশ ও ওডিশার গ্রামাঞ্চলের অর্ধেক পরিবারে শৌচাগার সুবিধা ছিল না। এর অর্থ হলো, এরা এখনো উন্মুক্ত স্থানে মলত্যাগ করছে। তবে সেখানের যে উন্নতি হয়নি তা নয়, ২০১২ সালে এই দুই প্রদেশের গ্রামাঞ্চলে যথাক্রমে ৭৫ ও ৮১ শতাংশ পরিবারের শৌচাগার সুবিধা ছিল না। অন্যদিকে গুজরাটের মতো উন্নত প্রদেশের গ্রামেও ২০১৮ সালে ১৪ শতাংশ পরিবারের শৌচাগার সুবিধা ছিল না।
তবে ২০১২ সালের তুলনায় ২০১৮ সালে ভারতে শৌচাগার ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
