আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা ফুরোচ্ছে মহেন্দ্র সিং ধোনির। সব ঠিক থাকলে আসছে আইপিএলের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করবেন তিনি। আর ভারতের সর্বকালের অন্যতম সফল অধিনায়কের এই প্রত্যাবর্তনটা হবে ঢাকার মাঠে। ভারতীয় সংবাদমাধ্যমই এই খবর প্রকাশ করেছে ফলাও করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুবিজবর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষে ক্রীড়াঙ্গনে থাকছে নানা আয়োজন। সেই উপলক্ষে মার্চে বিশেষ দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মুখোমুখি হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ।
আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ দুটি আয়োজিত হবে ২০২০ সালের ১৮ ও ২১ মার্চ। আর এই ম্যাচে এশিয়া একাদশে খেলতে দেখা যেতে পারে ধোনিকে। এরই মধ্যে ধোনিসহ সাত ক্রিকেটারকে এই ম্যাচ দুটিতে খেলার জন্য অনুমতি দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে অনুরোধ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ইন্ডিয়া টুডেকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘হ্যাঁ, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে বাংলাদেশে। বিসিসিআই এবং এশিয়ার অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
ধোনি ছাড়া অন্য ভারতীয় ক্রিকেটাররা হলেন- ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা।
বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বিদায় নেওয়ার পর ক্রিকেট থেকে সাময়িক ছুটি নেন ধোনি। অংশ নেন সেনা ট্রেনিংয়ে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না। তবে ছুটি শেষ হওয়ার পরও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে উপেক্ষিত ছিলেন ধোনি। ফলে এই ৩৮ বছর বয়সীর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও সংশয় তৈরি হয়।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলিকেও। তিনি বাংলাদেশে আসার কথা দিয়েছেন।
