নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘের বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৪

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০১:১৩ পিএম

মিলিশিয়াদের ভয়াবহ হামলা বন্ধে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ব্যর্থতার প্রতিবাদে ডাকা বিক্ষোভে চালানো গুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলে সোমবার ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে।

সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বেনি শহরে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ জনতা দেশটির সামরিক বাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করে জাতিসংঘ মিশনের একটি ক্যাম্পে হামলা চালায়। এতে সেখানে চারজন নিহত হয়।

বেনিতে রাতে হামলায় আটজন নিহত হওয়ার পর এ সহিংস ঘটনা ঘটল। সর্বশেষ এ হামলার ঘটনায় অ্যালায়েড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) মিলিশিয়াকে দায়ী করা হয়।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বিশাল বহর মোতায়েন থাকা সত্ত্বেও সেখানে চরম অস্থিরতা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে জাতিসংঘের ওই ক্যাম্পে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। তারা বেনির টাউন হলেও আগুন ধরিয়ে দেয়। এতে হলটির আংশিক ক্ষতি হয়।

সামরিক প্রসিকিউটর কুম্বু নগোমা বলেন, ‘এদিন সংঘর্ষ চলাকালে সেখানে চারজন নিহত হয়। এ সময় ১০ বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীর তিন সদস্য আহত হয়।’

প্রসিকিউটর জানান, সেখানে গুলির কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত