রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় ভয়াবহ বায়ু দূষণের কারণ ও করণীয় নিয়ে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ- এই পাঁচ জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণকারী যেসব ইটভাটা রয়েছে, সেগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকা ও ফুটপাতের ধুলো, আবর্জনা ও বর্জ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিয়মিত অপসারণের কথা বলা হয়েছে আদেশে।
রাজধানী ঢাকায় অব্যাহত বায়ু দূষণ নিয়ে করা একটি আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
এতে বলা হয়েছে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) দুজন প্রতিনিধি থাকবেন। প্রয়োজনবোধে একজন পরিবেশ বিশেষজ্ঞকে কমিটিতে রাখতে বলা হয়েছে। কমিটি আগামী এক মাসের মধ্যে কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম। উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
