চাঁপাইনবাবগঞ্জে জামাল বাদশা নামে এক যুবককে গুম করার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও স্ত্রীর পরিবারের বিরুদ্ধে। ওই যুবকের বাবা সফিকুল ইসলাম মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। একই অভিযোগে আমলি আদালতে মামলাও দায়ের করেছেন।
মামলার আরজি ও সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নবীনগর গ্রামের জামাল বাদশার সঙ্গে ১৫-১৬ বছর আগে বিয়ে হয় একই ইউনিয়নের মামলত বিশ্বাসটোলার আব্দুল হান্নানের মেয়ে শওকত আরা বেগমের। বিয়ের পর থেকেই স্ত্রীর প্ররোচনায় জামাল বাদশা শ্বশুরবাড়িতে থাকা শুরু করেন। সম্প্রতি হঠাৎ করেই ছেলে ও ছেলের স্ত্রী তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে বারবার চেষ্টা করেও ছেলে সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন সফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ছেলের স্ত্রী শওকত আরার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে জানানো হয়, যে সে রাজমিস্ত্রির কাজে ঢাকা আছে। আবার বলা হয়েছে চট্টগ্রামে আছে। কিন্তু পরে ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি। উল্টো হঠাৎ করেই জামাল বাদশার নামে তার স্ত্রী যৌতুকের মামলা দায়ের করেন’।
সফিকুল ইসলাম আরো বলেন, মামলা দায়েরের পর খোঁজ নিয়ে তারা জানতে পারেন জামাল বাদশা নিখোঁজ রয়েছেন। গত ১৭ সেপ্টেম্বর এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ আমলি আদালতে ছেলের স্ত্রী শওকত আরা, শ্বশুর মো. হান্নানসহ ৫ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে সফিকুল ইসলাম দাবি করেন, তারা ধারণা করছেন জামাল বাদশাকে হত্যার পর গুম করেছে শওকত আরা ও তার পরিবার।
