গোপালগঞ্জ শহরে টিসিবির পেঁয়াজ বিক্রির শুরু হতেই চাপ সামলাতে না পেরে ডিলার পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার হঠাৎ করে বেলা দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ও জেলা রেজিস্ট্রার অফিসের সামনে শত শত মানুষের হই হুল্লোড় আর চিৎকার শুনে সামনে যেতেই দেখা মিলল টিসিবির পেঁয়াজ বিতরণের একটি গাড়ি। কার আগে কে নেবে এ নিয়ে হই-হুল্লোড়।
যেখানে বাজারে ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেখানে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা দরে পেয়ে এই ভিড়। ভিড়ের চাপ সামাল দিতে পুলিশ পর্যন্ত মোতায়েন করতে হয়েছিল। ৫/৬ বস্তা পেঁয়াজ থাকা সত্ত্বেও ভিড়ের চাপ সামলাতে না পেরে টিসিবির ডিলার স্থান ত্যাগ করতে বাধ্য হয়। দেখে মনে হয়েছে যেন পালিয়ে বেঁচেছেন।
টিসিবি-র ডিলার দীপক সাহা জানান, তাকে মঙ্গলবার ও বুধবার এই দুই দিনের জন্য ২ হাজার কেজি পেঁয়াজ দেয়া হয়েছে। প্রতিজনকে ১ কেজি করে ৪৫ টাকা দরে বিতরণের কথা রয়েছে। কিন্তু, চাহিদার তুলনায় তাকে সরবরাহ করা হয়েছে কম। এ দিয়ে লোকজনকে সামাল দেয়া কষ্টকর।
শহরের বাসিন্দা ইলিয়াস মোল্লা, সজীব বিশ্বাস ও রইচ মোল্লা জানান, অনেক কষ্টে এক কেজি পেঁয়াজ কিনতে পেরেছি। অনেকটা যুদ্ধ করেই এক কেজি পেঁয়াজ কিনতে পেরে অনেকেই বেশ খুশি।
