মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ঘোষণা

১ ডিসেম্বর থেকে তিন বিভাগে জ্বালানি তেল বিপণন বন্ধ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:২২ পিএম

১৫ দফা দাবিতে আগামী ১ ডিসেম্বর থেকে জ¦ালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

জ¦ালানি তেল বিক্রির কমিশন শতকরা সাড়ে সাত ভাগ করা,  জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট নাকি উৎপাদনকারী প্রতিষ্ঠান তা সুনির্দিষ্ট করা, প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বীমা প্রথা প্রণয়ন করা, ট্যাংকলরির ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। আগামী ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে খুলনাসহ রাজশাহী ও রংপুর বিভাগে তেল উত্তোলন, বিপণন ও পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঐক্য পরিষদ নেতারা।

গতকাল দুপুর ১২টায় বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি এমএ মোমিন দুলাল, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত দিনে সরকারের দেওয়া প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে ১৫ দফা দাবি জানানো হয়। ৩০ নভেম্বরের মধ্যে সরকার যথাযথভাবে এসব দাবি পূরণে ব্যর্থ হলে অ্যাসোসিয়েশনের সদস্যরা ১ ডিসেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন, পরিবহন ও বিপণন হতে বিরত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত