ঢাকায় রিকশার ৩ শ্রেণি করার আহ্বান

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৩৯ পিএম

রাজধানী ঢাকার রিকশা সমস্যার সমাধানে বাহনটিকে তিনটি শ্রেণিতে ভাগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতিবিদ এমএম আকাশ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ আহ্বান জানান।

‘ঢাকা মহানগরীর গণপরিবহন ও রিকশা : বাস্তবতা, সমস্যা ও করণীয়’ শীর্ষক ওই বৈঠকে এমএম আকাশ বলেন, ঢাকায় যেসব রিকশা আছে তার বেশিরভাগেরই সিটি করপোরেশনের লাইসেন্স নেই। সব রিকশা বৈধ, অবৈধ এবং অবৈধ কিন্তু প্রয়োজন–এই তিন ক্যাটাগরিতে চিহ্নিত করতে হবে। এটা না করা পর্যন্ত রিকশা নিয়ে কোনো উদ্যোগই কাজে আসবে না।

তিনি এজন্য একটি পাঁচশালা পরিকল্পনা হাতে নেওয়ারও আহ্বান জানান। এমএম আকাশের মতে, গ্রামে কাজ না পেয়েই বেশিরভাগ মানুষ ঢাকায় রিকশা চালাতে আসেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে এমনটা হতো না।

পাশাপাশি বর্তমানে যারা শহর এলাকায় রিকশা চালাচ্ছেন তাদের জীবন মানের উন্নয়নের জন্য নানা কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানান তিনি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, গ্রামে দরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা প্রকল্প থাকলেও শহরে নেই। শহরে দরিদ্র রিকশাওয়ালাদের জন্য এই ব্যবস্থা করতে হবে। এলাকাভেদে ভাগ করে রিকশাওয়ালাদের ডিজিটাল পরিচয়পত্রের ব্যবস্থা করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিকশাচালকদের ট্রাফিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে ঢাকায় রিকশা কমানো এবং বিশৃঙ্খল পরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো যাবে বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলসের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিলসের প্রোগ্রাম কনসালট্যান্ট খন্দকার আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেজাউল করিম, শ্রমিক নেতা নঈমুল আহসান জুয়েল ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত