আতলেতিকোকে হারিয়ে দিলেন জুভেন্টাসের দিবালা

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৯:৩৮ এএম

অসাধারণ এক ফ্রি-কিকে করা পাওলো দিবালার একমাত্র গোলে আতলেতিকো মাদ্রিদকে হারানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে জুভেন্টাস।

তোরিনোয় মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের পঞ্চম ম্যাচে স্প্যানিশ ক্লাবটিকে ১-০ গোলে হারায় ইতালিয়ান সেরি আ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে জয়-পরাজয় নির্ধারক গোলটি করেন দিবালা।

এই জয়ে গ্রুপ পর্বে অপরাজিত থাকার ধারাও ধরে রেখেছে জুভেন্টাস। এখন পর্যন্ত পাঁচ খেলে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতে শীর্ষস্থানও নিশ্চিত করেছে দলটি।

অন্যদিকে গ্রুপ পর্বে এই নিয়ে টানা দুই ম্যাচে হারল আতলেতিকো। ফলে দলটির শেষ ষোলোর টিকিট পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে দিয়েগো সিমেওনের দল। এক পয়েন্ট কম নিয়ে তৃতীস্থানে বায়ার লেভারকুসেন।

বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দিবালার করা গোলটি ছিল অসাধারণ। জুভেন্টাসের স্প্যানিশ মিডফিল্ডার ফাউলের শিকার হলে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। দুরূহ কোণ থেকে বাঁ পায়ের ফ্রি-কিক শটে দৃষ্টিনন্দন গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা।

হাঁটুর চোট কাটিয়ে ম্যাচটির মধ্য দিয়ে দলে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো সময় খেললেও গোলের দেখা পাননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।

গত দুই মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিতে হয় জুভেন্টাসকে। ১৯৯৬ সালের পর বেশ কয়েকবার ফাইনাল খেললেও একবারও শিরোপাটি জিততে পারেনি দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত