ভারত থেকে আমদানি করা নিজের ছবি ‘পাসওয়ার্ড’-এর মুক্তি উপলক্ষে মঙ্গলবার ঢাকায় আসেন দেব, সঙ্গে নায়িকা রুক্মিণী মৈত্র। ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জানালেন, এবার তিনি ঢালিউডের সিনেমায় দেখা দিতে চলেছেন।
জানা যায়, নতুন এই ছবির নাম ‘মিশন সিক্সটিন’, মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে।
‘পাসওয়ার্ড’-এর আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রযোজনা করবেন ‘মিশন সিক্সটিন’। ছবিতে দেবের বিপরীতে দুজন নায়িকা থাকবেন। তবে তাদের নাম জানা যায়নি।
মঙ্গলবার সকালেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নিবন্ধন করা হয়েছে। সম্ভাব্য পরিচালক হিসেবে দেওয়া হয়েছে রাজা চন্দের নাম।
ঈদুল ফিতরকে কেন্দ্র করে জানুয়ারির মাঝামাঝি ছবির শুটিং শুরু হবে। কারিগরি সব সহযোগিতা নেওয়া হবে ভারত থেকে। লোকেশন তালিকায় থাকছে বাংলাদেশ ও থাইল্যান্ড।
অনেক দিন ধরে যৌথ প্রযোজনার সিনেমায় দেবের অভিনয় কথা শোনা যাচ্ছে। কিন্তু কোনোবারই গুঞ্জনের সত্যতা মেলেনি। এইবার একেবারে ঢাকার একই প্রযোজনায় ধরা দিচ্ছেন তিনি।
এদিকে ঈদুল ফিতরে মুক্তির মিছিলে রয়েছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত ‘শান’। আরেকটি ছবি হলো শাকিব খান ও নুসরাত ফারিয়ার ‘শাহেনশাহ’, বারবার পিছিয়ে যাওয়া এই ছবি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
