ইরানে চলমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে আঁতাতের অভিযোগে আট ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত বুধবার বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়। চলতি মাসের মাঝামাঝি থেকে জ্বালানি তেলের দাম বাড়াকে কেন্দ্র করে রাজপথে নামে দেশটির সাধারণ মানুষ।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ বলছে, ১৫ নভেম্বরের পর থেকে দেশটিতে ১০০ জনের বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে ইরান সরকার। এএফপির খবরে বলা হয়েছে, গুম ও হত্যার ধারাবাহিকতায় এবার ওই আট ব্যক্তিকে আটক করল ইরান।
তবে ইরানের রাষ্ট্রীর সংবাদমাধ্যম বলেছে, ‘ওই আট ব্যক্তি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে আঁতাত করে বিক্ষোভকারীদের উসকে দিয়েছেন। তারা দেশের অভ্যন্তরীণ তথ্য বাইরে পাচারও করেছেন। তাদের মধ্যে ছয়জন সরাসরি বিক্ষোভে যোগ দিয়ে বিক্ষোভকারীদের নানা ধরনের নির্দেশনা দিয়েছেন।’
আটক ব্যক্তিরা দেশের বাইরে গিয়ে সিটিজেন জার্নালিজমের নামে তথ্য চুরি ও পাচারের প্রশিক্ষণ নিয়েছেন বলেও দাবি ইরানের।
