শান্তিনগরে সিপিবির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১২:৫৮ এএম

রাজধানীর শান্তিনগরে সিপিবির মিছিলে হামলা করেছে ছাত্রলীগ। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্রলীগের হামলায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়, সিপিবি শান্তিনগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সহ-সম্পাদক হোসেন আলী, বিল্লাল হোসেন প্রমুখ।

ছাত্র ইউনিয়নের সাবেক নেতা খাইরুল আহসান খান বলেন, জামালপুরে কমিউনিস্ট পার্টির দুঃশাসন বিরোধী পদযাত্রায় সিপিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড মঞ্জুরুল আহসান খানের উপর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে শান্তিনগরে সিপিবির মিছিলটি বের হলে কিছুক্ষণের মধ্যেই  ছাত্রলীগ নেতা সামীরের নেতৃত্বে হামলা হামলা হয়।

তিনি বলেন, মানুষের সভা-সমাবেশের অধিকার হরণ করে, হামলা-মামলা করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তারই যৌক্তিকতা প্রমাণ করেছে হামলাকারীরা।

এ বিষয়ে জানতে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিককে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত