পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশেন। অ্যাডিলেডে এই দুজনের দারুণ ব্যাটিংয়ে চাপে পড়েছে পাকিস্তান।
দুজনের ২৯৪ রানের অপরাজিত জুটি অস্ট্রেলিয়াকে ৩০২ রানে নিয়ে গেছে। দিন শেষে তারা হারিয়েছে একটি উইকেট। ওয়ার্নার আছেন ১৬৬ রানে, লাবুশেন ১২৬।
জোড়া সেঞ্চুরিতে রেকর্ড গড়েছেন দুই ব্যাটসম্যান। দিবা-রাত্রির টেস্টে এটাই যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ওয়ার্নার ক্যারিয়ারের ২৩তম টেস্ট সেঞ্চুরি তুলেছেন। লাবুশেনের দ্বিতীয়। আগের ম্যাচে ওয়ার্নার করেছিলেন ১৫৪ আর লাবুশেন ১৮৫।
বৃষ্টির জন্য দিনের পুরো ৯০ ওভার খেলা হয়নি। যে ৭৩ ওভার হয়েছে তা যথেষ্ট ছিল অজিদের জন্য।
দ্বিতীয় টেস্টের একাদশে বিস্তর বদল এনে নামে পাকিস্তান। ২০১৬ তে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মোট ১৬ উইকেট নেয়া মোহাম্মদ আব্বাস ফিরেছেন। নাসিম শাহয়ের বদলে অভিষেক হয়েছে মোহাম্মদ মূসার।
রেকর্ডের পথে ওয়ার্নার উঠে এসেছেন ওপেনার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরিয়ানদের তালিকায়। ২৩ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যানের আগে আছেন গ্রায়েম স্মিথ (২৭টি), ম্যাথিউ হেইডেন (৩০টি), অ্যালিস্টার কুক (৩১টি) ও সর্বোচ্চ ৩৩টি সেঞ্চুরি করা সুনীল গাভাস্কার।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০২/১ (ওয়ার্নার ১৬৬*, লাবুশেন ১২৬*; শাহিন আফ্রিদি ১/৪৮)
