ভারতের হায়দরাবাদে ধর্ষণের পর খুনের ঘটনায় তরুণী চিকিৎসককেই দুষছেন তেলঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় তরুণী কেন পুলিশকে নম্বরে ফোন করেননি।
জানা গেছে, বৃহস্পতিবার হায়দরাবাদের শাদনগরে তরুণী চিকিৎসকের পোড়া দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলেছে, ধর্ষণের পর ওই তরুণীকে খুন করা হয় প্রথমে। তারপর পুড়িয় দেওয়া হয়।
এ ঘটনায় শুক্রবার তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ মাহমুদ আলি সংবাদমাধ্যমে বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুর্ভাগ্যের বিষয় হলো, একজন শিক্ষিত তরুণী হয়েও পুলিশের ১০০ নম্বরে ফোন করার বদলে নিজের বোনকে ফোন করেন তিনি। ১০০ তে ফোন করলে হয়ত বাঁচানো যেত তাকে। বিপদে পড়লে ১০০ নম্বরেই ফোন করে সাহায্য চাওয়া উচিত। সবার এটা জানা দরকার।’
তিনি বলেন, তেলঙ্গানা পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের শনাক্ত করে কড়া শাস্তি দেওয়া হবে।
শুক্রবার হায়দরাবাদের ঘটনার তীব্র নিন্দা করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
টুইটারে তিনি লেখেন, ‘হায়দরাবাদের নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনায় আমি স্তম্ভিত। মানুষ হয়ে আর একজন মানুষের প্রতি কেউ এত নৃশংস হয় কীভাবে? এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। এই দুঃসময়ে নির্যাতিতার পরিবারকে সমবেদনা জানাই।’
হায়দরাবাদের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই দুই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবর: আনন্দবাজার।
