অতি ধার্মিক লোকদের প্রতি নজর রাখতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেছেন, এর নেপথ্যে কোনো অপশক্তি যাতে গড়ে উঠতে না পারে। কারণ ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে উগ্রবাদীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আতঙ্ক সৃষ্টি করে। হলি আর্টিজানের হামলা তারই প্রমাণ। গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বেলাব উপজেলার উয়ারী-বটেশ্বর পশ্চিমপাড়া গ্রামে প্রত্নতত্ত্ব সংগ্রাহক হানিফ পাঠানের বাড়ির কাছে ‘গঙ্গাঋদ্ধি জাদুঘর’ নামে একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘরের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, উয়ারী-বটেশ্বর এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের ধারক। এর মাধ্যমে প্রমাণ হয় এই অঞ্চল বহু বছর আগে থেকেই ব্যবসা-বাণিজ্যের জন্য সমৃদ্ধ ছিল। সেই উজ্জ্বল ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে গঙ্গাঋদ্ধি জাদুঘর। এ থেকে ব্যবসা-বাণিজ্য ও শিল্পে উৎসাহিত হবে ভবিষ্যৎ প্রজন্ম। বাস্তবায়িত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ; যা বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান হাতে নিয়েছেন।
