বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কীটতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘জৈব বালাইনাশকভিত্তিক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা হয়। এতে গাজীপুর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের ১৫ স্কুল ও মাদ্রাসার ১০৫ জন শিক্ষক অংশ নেন।
বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে কর্মশালায় বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বাবু লাল নাগ এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কর্মশালায় অংশ নেওয়া পাঁচ শিক্ষক তাদের অনুভূতি ব্যক্ত করেন।
কর্মশালায় প্রশিক্ষণার্থীরা ফল ও শাক-সবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশকের গুরুত্ব, বিভিন্ন ধরনের ক্ষতিকর পোকামাকড়ের পরিচিতি, ক্রিয়ার ধরন, ক্ষতির ধরন, এদের দমনে জৈব বালাইনাশকভিত্তিক সহজ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
