তুরিনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি পায়নি তদন্ত কমিশন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১০:৪৬ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হকের সঙ্গে দেখা করা ও ২৫ কোটি টাকা লেনদেনের অভিযোগের প্রমাণ হয়নি বলে জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শাহরিয়ার কবির বলেন, তুরিন আফরোজের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা নিয়ে আমরা গত বছরই একটি তদন্ত কমিশন গঠন করেছি। যার সদস্য হচ্ছেন উচ্চ আদালতের আপিল বিভাগের তিনজন সাবেক বিচারপতি– বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি নিজামুল হক নাসিম। আমাদের তদন্ত রিপোর্ট অনুযায়ী উচ্চ আদালতের সাবেক তিন বিচারপতি তুরিন আফরোজের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে কোনো ভিত্তি পাননি। তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।  সম্মেলনে শাহরিয়ার কবির বলেন, আমাদের তদন্ত কমিশনের তিন বিচারপতি তিনটি সিদ্ধান্ত জানিয়েছেন। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ কোটি টাকার যে অভিযোগ করা হয় তা সম্পূর্ণ ভিত্তিহীন। তুরিন আফরোজ এমন কোনো কাজই করেননি।

উল্লেখ্য, ২০১৮ সালের এপ্রিলে অভিযোগ ওঠে, মামলা পরিচালনার দায়িত্ব পাওয়ার পর ২০১৭ সালের নভেম্বরে ওয়াহিদুল হককে ফোন করে কথা বলেন তুরিন আফরোজ। পরে পরিচয় গোপন করে ঢাকার একটি হোটেলে তার সঙ্গে দেখাও করেন। চলতি বছরের ১১ নভেম্বর ট্রাইব্যুনালের সব মামলা থেকে সরিয়ে দেওয়া হয় তুরিন আফরোজকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত