অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনে গ্যাবা টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই হইচই ফেলে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের নতুম মুখ নাসিম শাহ। কিন্তু সেটা পারফরম্যান্স দিয়ে নয়, বয়সের কারণে। অনেকে বিশ্বাস করতে নারাজ যে, মাত্র ষোলো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার।
গত সপ্তাহে ব্রিসবেন টেস্টে পাকিস্তান একাদশে জায়গা পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাসিমের। ইনিংসে হারা টেস্টটিতে একটি উইকেটও পান তিনি। কিন্তু ডান হাতি এই পেসারের গতিতে অবাক অনেকে। এত অল্প বয়সে এমন গতিতে বোলিং করাটা অসম্ভব ঠেকছে অনেকের কাছে।
এমন অবস্থায় নাসিমের বয়স নিয়ে মুখ খুলেছেন তার ছোট বেলার কোচ সোলায়মান কাদির। জানালেন, নাসিমের বয়স আসলেই ১৬। এমনকি তার হাড়ের পরীক্ষা করেও ডাক্তাররা বয়সের হিসাবে হেরফের পাননি বলে দাবি কাদিরের।
“পাকিস্তান ক্রিকেট বোর্ড নাসিমের হাড় পরীক্ষা করিয়েছে। কয়েকজন চিকিৎসকও ওর বয়স নির্ধারণ করেছেন। একটা সময় জন্ম নিবন্ধনের প্রচলন ছিল না বলে ক্রিকেটারদের বয়স নিয়ে অনেক বিতর্ক হয়। তবে নাসিমের জন্ম নিবন্ধন আছে।”
তবে বিপত্তি বাঁধিয়েছিল নাসিমের জাতীয় পরিচয়পত্র। ১৮ বছরের আগে একসময় পরিচয়পত্র পেতেন না পাকিস্তানিরা। সেদিকে আঙুল তুলে অনেকেই নাসিমের বয়স বেশি বলে দাবি করছিলেন। সম্প্রতি ১৮ বছরের কম বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়ার নিয়ম করা হয়েছে।
