নিরামিষ খাবার পরিবেশনের অনুরোধ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল এর (পেটা) পক্ষ থেকে চিঠিটি লেখেন এই অভিনেত্রী।
বার্তা সংস্থা আইএএনএসের খবরে বলা হয়, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে একটি পদক্ষেপ হিসেবে মোদিকে নিরামিষ খাবারের প্রতি উৎসাহী হতে অনুরোধ জানান পামেলা।
চিঠিতে উল্লেখ করা হয়, মানবসৃষ্ট কারণে প্রতিবছর যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়, তার এক পঞ্চমাংশ নির্গমন হয় মাংস, ডিম ও দুগ্ধজাত খাবারের জন্য পশুপাখি পালন করতে গিয়ে।
চিঠিতে পেটার পক্ষ থেকে মোদিকে লেখা হয়, আপনার দেশের উদ্ভাবন এবং কৃষিকাজের ইতিহাস থেকে আমরা নিশ্চিত যে, ভারতে চাষ করা সয়াবিন ও বিভিন্ন ধরনের খাবার ক্ষতিকর (জলবায়ু পরিবর্তনে) অনেক খাবারের জায়গা নিতে পারে।
এসময় নিরামিষ খাবার গ্রহণে নিউজিল্যান্ড, চীন ও জার্মানির উদাহরণও দেওয়া হয়।
চিঠিতে ৫২ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ভারত যে ওইসব দেশের সমান বা তাদের মধ্যে সেরা তা দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে (মোদি) অনুরোধ করছি।
এ সময় পামেলা অ্যান্ডারসন দিল্লীতে বায়ুদূষণের ভুক্তভোগী মানুষ ও পশুপাখিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
তিনি বলেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের ফলে ভারতে উপকূলীয় অনেক অংশ পানির নিচে চলে যাবে। এতে ক্ষতিগ্রস্থ হবে ৩ কোটি ৬০ লাখ মানুষ।
এর আগে গত মাসে নিরামিষ খাবারের প্রচার চালিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চিঠি লেখেন পামেলা অ্যান্ডারসন।
