গাড়ি ভাঙচুর মামলায় আগাম জামিন পেলেন নোমানসহ চার বিএনপি নেতা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩৫ পিএম

রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনার শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বিএনপির চারজন কেন্দ্রীয় নেতা। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছেন আদালত।

রবিবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে তাদের জামিন দেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ।

জামিন পাওয়া চার কেন্দ্রীয় নেতা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশীদ।

এর আগে, গত ২৮ নভেম্বর এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

গত ২৬ নভেম্বর দুপুরে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনার দিনগত রাতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি (নম্বর ৩২) দায়ের করে।

নিম্ন আদালতে জামিন পেলেন ইশতিয়াক ও মোশাররফ: বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান রবিবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানান, নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত