বিএনপিকে দলে টেনে শক্তিশালী হচ্ছে জাপা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ১০:১৭ পিএম

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপির নেতাকর্মীদের দলে টেনে শক্তিশালী হচ্ছে স্থানীয় জাতীয় পার্টি। ইতিমধ্যে উপজেলা বিএনপির উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী উপজেলা জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। উপজেলায় জাতীয় পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃত্বে চলে আসছেন বিএনপির নেতারা।

গত শনিবার রাতে সোনারগাঁও পৌর জাতীয় পার্টির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সম্প্রতি পৌর বিএনপি থেকে পদত্যাগকারী সভাপতি এম এ জামানকে। আর সদস্য সচিব হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম।

কমিটির ৭১ সদস্যের মধ্যে প্রায় ৩৫ জন বিএনপির বর্তমান ও পদত্যাগী নেতা-কর্মী। তা ছাড়া কমিটিতে পৌরসভার বিএনপিপন্থি বেশ কয়েকজন কাউন্সিলরও আছেন। তাদের সঙ্গে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাও এ কমিটিতে আছেন।

এ ছাড়া সোনারগাঁও পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক টিটুকে।

স্থানীয় বিএনপির একাধিক সূত্র বলছে, উপজেলা জাতীয় পার্টির বাকি সহযোগী সংগঠনের কমিটিগুলোতেও বিএনপির নেতাকর্মীদের দেখা যাবে। উপজেলা বিএনপির অনেক শীর্ষ নেতা এখানে জাতীয় পার্টিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।

বিএনপির শীর্ষ নেতাদের জাতীয় পার্টিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছzক জাতীয় পার্টিতে যোগদান করা বিএনপির কয়েকজন সাবেক নেতা জানান বর্তমান সরকারের আমলে স্থানীয় বিএনপির নেতারা একের পর এক মামলায় জর্জরিত হয়ে সর্বস্বান্ত। মূলত মামলার যন্ত্রণা থেকে রক্ষার জন্যই তারা এ আসনের জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেন খোকার হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, যারা বিএনপির আদর্শ ধারণ করে তারা কখনো অন্য আদর্শের রাজনীতিতে যেতে পারে না। যারা জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন, তারা নিজেদের সুযোগ-সুবিধার জন্যই জাতীয় পার্টির দিকে ঝুঁকছেন। অনেকে হয়তো রাজনৈতিক মামলা থেকে বাঁচার জন্য জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন; তবে এটা আদর্শের সঙ্গে বেইমানি। প্রয়োজনে দল করব না, কেন অন্য দলে যোগ দেব? তা ছাড়া বিএনপি একটি বড় দল। এখান থেকে দু-একজন ছুটে গেলে দলের কিছুই হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত