ক্রিকেট বিশ্বে বর্তমানে চার সেরা ব্যাটসম্যানÑ স্টিভ স্মিথ, বিরাট কোহলি, কেন উইলিয়ামস ও জো রুট। ‘ফ্যাবুলাস ফোর’ বলা হয় তাদের। গত ১০ মাসে এই তালিকায় রুটের নামটা যেন অনুজ্জ্বল ছিল। সংশয় বাঁধছিল এ তালিকার এবং ইংল্যান্ডের নেতৃত্বে তার থাকা নিয়ে। সেই শঙ্কা দূর করতে একটা বড় ইনিংসের দরকার ছিল ইংল্যান্ড অধিনায়কের। ১০ মাস পর সেই সেঞ্চুরি পেলেন তিনি টেস্টে। তার অপরাজিত ১১৪ এবং ওপেনার রোরি বার্নসের ১০১-এ নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ২৬৯ রান তুলেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে এখনো তারা ১০৬ রানে পিছিয়ে। বৃষ্টির কারণে দিনের প্রায় ১০ ওভার বাকি থাকতে খেলা বন্ধ হয়।
বহুল প্রতীক্ষিত সেঞ্চুরিতে হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধার করলেন ইংলিশ অধিনায়ক। তবে ১৭তম টেস্ট সেঞ্চুরিটি যে খুব সহজে আসেনি তা রুটের উল্লাসেই স্পষ্ট। সেঞ্চুরি করতে ২৫৯ বল লেগেছে তার। ক্যারিয়ারে আর কখনো সেঞ্চুরি করতে এত বল লাগেনি তার। ইনিংসের একটা সময় এতই সতর্ক ছিলেন যে পুরো ৩০ ওভার কোনো বাউন্ডারি ছাড়া কাটিয়ে দেন তিনি। অশেষ ধৈর্য শেষে ফেব্রুয়ারির পর এই প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন রুট। মাঝের ১৪ ইনিংসে ৩৭১ রান করেছেন তিনি। ফিফটি ছিল ৪টি।
এই সেঞ্চুরিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে দলের নতুন নেতৃত্বের আলোচনাটা থামিয়ে দিলেন রুট। ইংল্যান্ডের জন্য তার রান পাওয়াটা কত গুরুত্বের একটি পরিসংখ্যানেই তা স্পষ্ট হয়। এই ম্যাচের আগে রুট সেঞ্চুরি করেছেন এমন ১৬ ম্যাচের কোনোটিতেই হারেনি ইংলিশরা, জয় ১৩টিতে আর ড্র ৩টিতে। ইংল্যান্ডের জন্যও তাই রুটের সেঞ্চুরি স্বস্তির। ইনিংসে বার্নসকে নিয়ে ১৭৭ রানের জুটি গড়েছেন রুট। ২০১৮’র পর এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ জুটি।
সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৩৭৫। ইংল্যান্ড ১ম ইনিংস : ২৬৯/৫ (রুট ১১৪*, বার্নস ১০১; সাউদি ২/৬৩) ।
