চার বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩৫ বছর বয়সী এক যুবককে নগ্ন করে এলাকার রাস্তায় ঘুরিয়েছে স্থানীয়রা।
ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারদি এলাকায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।
এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত জওহর বাইদ্যাকে পুলিশে সোপর্দ করার আগে হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়েছিল স্থানীয় লোকজন।
জানা গেছে, জওহর বাইদ্যা শহরের একটি সমবায় সমিতি ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা তোলার দায়িত্বে ছিলেন।
পুলিশ বলেছে, ‘বাইদ্যা প্রতিদিন কিস্তির টাকা তুলতে ওই শিশুর বাড়িতে যেতেন। রবিবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানির চেষ্টা করেন তিনি।’
‘এ সময় আকস্মিক ওই শিশুর মা বাড়ি ফিরে ঘটনাটি দেখে বেল বাজালে প্রতিবেশীরা ছুটে আসেন’ জানান ওই পুলিশ কর্মকর্তা।
ঘটনাটি জানাজানি হলে আশপাশের লোকজন জড়ো হয়ে বাইদ্যাকে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ভারতীয় পেনাল কোডের বিভিন্ন ধারা এবং শিশু যৌন হয়রানি সুরক্ষা আইনের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পারদি থানা পুলিশ।
