ভারতের তামিলনাড়ু রাজ্যের নাদুর গ্রামে অতিবৃষ্টিতে চারটি বাড়ি ধসে পড়লে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গতকাল সোমবার ভোরে বাড়িধসের ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় উদ্ধারকর্মীরা ও পুলিশ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে মরদেহগুলো বের করে আনে বিধ্বস্ত বাড়ির নিচ থেকে। মরদেহগুলো স্থানীয় মেত্তুপালায়াম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। কইমবাতোর থেকে নাদুর গ্রামের দূরত্ব প্রায় ৫০ কিলোমিটার।
ভোর সাড়ে ৫টার দিকে যখন বাড়িগুলো ধসে যায়, তখন এর ভেতর ১৭ জন ঘুমন্ত অবস্থায় ছিলেন। স্থানীয় পুলিশের মতে, বাড়িগুলোর ২০ ফুট লম্বা দেয়াল চাপা পড়ে ওই ঘুমন্ত ব্যক্তিদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন শিশু রয়েছে। কয়েক দিন ধরেই ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়– ও পুদুচেরির কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাসে রেড এলার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টিপাতের পর বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।
