দেবীগঞ্জে নিজ দোকানে পুড়ে নারীর মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১০:৪৬ পিএম

দেবীগঞ্জে আগুনে পুড়ে সুইটি আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ৮টার দিকে উপজেলার সবুজপাড়া মরাতল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুইটি ওই এলাকার দিনমজুর সুরুত জামালের স্ত্রী। আগুনে তার আটটি গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে।

স্থানীয়রা জানায়, মরাতল্লী মোড়ে সুইটির মুদি দোকান ছিল। সেলাইয়ের কাজের পাশাপাশি তিনি বিক্রি করতেন পেট্রল। গত রবিবার সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে সুইটি মোমবাতি জ্বালিয়ে বড় জার থেকে বোতলে পেট্রল ভরছিলেন। একপর্যায়ে মোমবাতির স্পর্শে পেট্রল জ্বলে উঠে দগ্ধ হন তিনি। মুহূর্তেই আগুন আশপাশের দোকানসহ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে ডোমার ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সুইটির বাড়িতে থাকা আটটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। স্থানীয়রা আরও জানান, দগ্ধ সুইটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে; সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, সুইটির দোকানে থাকা পেট্রলের সঙ্গে আগুনের স্পর্শে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে নয়টি ঘরের প্রায় ৬ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান জানান, উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, চাল, কম্বল, ঢেউটিনসহ নগদ অর্থ সহায়তা দিয়েছে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত