চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৯:০৪ পিএম

নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে নিয়াজ আবেদীন পাঠান নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র। নিয়াজ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারি হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

এ বিষয়ে মঙ্গলবার চবি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ওই ছাত্রী অভিযোগপত্রে উল্লেখ করেন যে, গত বৃহস্পতিবার

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে আমি বন্ধু বান্ধবসহ প্রবেশ করছিলাম। সে সময় আমাকে বেশ বাজেভাবে কটূক্তি করে। আমি এর প্রতিবাদ করলে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নিয়াজ। যা আমার জন্য খুবই অপমানজনক। অভিযুক্ত নিয়াজের অপরাধ বিবেচনা করে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ নিতেও আবেদন জানান ওই ছাত্রী।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নিয়াজ উদ্দিন পাঠান দেশ রূপান্তরকে বলেন, ইভটিজিং তো অনেক দূরের কথা, আমি তো অভিযোগকারীকে চিনিই না।

চবি প্রক্টর অধ্যাপক মনিরুল হাসান বলেন, এই রকম একটি অভিযোগপত্র পেয়েছি। তদন্তর জন্য অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন বিরোধী সেলে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত