ফিলিপাইনে ঘূর্ণিঝড় কাম্মুরির আঘাতে মৃত ২

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১০:৩৩ পিএম

ফিলিপাইনের লুজন দ্বীপের দক্ষিণ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় কাম্মুরি সাগর থেকে স্থলে উঠে আসার পর ঝড়ের তাণ্ডবে অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গতকাল মঙ্গলবার ঘণ্টায় একটানা সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে কাম্মুরি সোরসোগোন প্রদেশে আঘাত হানে, যা দমকা হওয়া আকারে ঘণ্টায় ২৩৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল। বিকোল অঞ্চলের এক সিভিল ডিফেন্স কর্মকর্তা স্থানীয় রেডিওকে জানান, মাথার ওপরের ছাউনি শক্ত করে বাঁধার সময় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

কাম্মুরির প্রভাবে দেশটির রাজধানী ম্যানিলাসহ ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে বিমান চলাচল বন্ধ রাখার পাশাপাশি রাজধানীর সরকারি দপ্তরগুলোও বন্ধ রাখা হয়েছে। স্থানীয়ভাবে টিসোয় নামে পরিচিতি টাইফুন কাম্মুরি স্থলে উঠে আসার আগেই স্থানীয় সরকারগুলো উপকূলীয় ও পার্বত্য এলাকাগুলোর ২ লাখ ২৫ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এসব এলাকায় জলোচ্ছ্বাস, বন্যা ও ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।

ঘূর্ণিঝড়ের কারণে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে। দেশটিতে গত শনিবার থেকে শুরু হওয়া সাউথইস্ট এশিয়ান গেমসের কয়েকটি ইভেন্ট বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত