বিজয়ের মাসকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক ‘শেফালীর মা’ প্রদর্শিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ডায়ানা চত্বরে বিশ^বিদ্যালয় থিয়েটারের আয়োজনে এ পথনাটক অনুষ্ঠিত হয়।
থিয়েটারের সভাপতি আশিকুর রহমান বনি বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিজয়ের বার্তা পৌঁছে দিতে এবং বাঙালি জাতিকে মহান বিজয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করিয়ে দিতে বিশ্ববিদ্যালয় থিয়েটার এ পথনাটক প্রদর্শন করে।
নাটকটিতে মুক্তিযুদ্ধকালীন এবং মুক্তিযুদ্ধ-পরবর্তীকালীন স্বাধীনতাবিরোধী রাজাকার ও আলবদরদের দৌরাত্ম্য এবং তৎকালীন নারীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে।
তরুণ নাট্যকার শাহরিয়ার সোহাগের রচনা এবং বিশ্ববিদ্যালয় থিয়েটারের সদস্য নিশাত উর্মির নির্দেশনায় নাটকে অভিনয় করেন শারমিন সুমি, কুলছুম, অনি আতিকুর রহমান, পিয়াস, মুঈদ, লাবণ্য, জয়, মোসাদ্দেক, সুজন, বিন্দু এবং রিফাত। এ ছাড়াও নাটকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় থিয়েটারের কোষাধ্যক্ষ অনি আতিকুর রহমান এবং সদস্য ফাহিম।
আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা ড. শাহজাহান মণ্ডল এবং বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি আশিকুর রহমান বনিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী নাটকটি উপভোগ করেন।
