ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের অপসারণ দাবি করেছে পাউবো ঠিকাদার সমিতি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবর গতকাল মঙ্গলবার ডাকযোগে স্মারকলিপি পাঠানো হয়েছে। পাউবো ঠিকাদার সমিতির সভাপতি মাহফুজুল আলম লোটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার স্বাক্ষরিত স্মারকলিপি পানিসম্পদমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, রাজশাহী সিটি মেয়র, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরেও পাঠানো হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে তাকে রাজশাহী থেকে অপসারণ করা না হলে ঠিকাদার সমিতি পাউবো ঘেরাওসহ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও ঘোষণা দেওয়া হয়। এই অভিযোগের কপি গতকাল ডাকযোগে পাঠানো হয়েছে। এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী এবং জেলা প্রশাসক হামিদুল হকের কাছেও এই অভিযোগের কপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী পাউবোর নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম যোগদানের পর থেকে ব্যাপক ঘুষ, দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতায় মেতে উঠেছেন। ঠিকাদাররা তার কথা অমান্য করলেই হুমকি, দুর্ব্যবহার, অসদাচরণ করেন। সম্প্রতি রাজশাহীর বাঘা-চারঘাট ডিপিপি প্রকল্প পাসের নামে বিভিন্ন ঠিাকাদারকে প্রলোভন দেখিয়ে অনৈতিকভাবে অর্থ আদায় করছেন বলেও অভিযোগ করা হয়। একজন প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডে একটি একক বলয় তৈরির চেষ্টা করছেন তিনি। আগের নির্বাহী প্রকৌশলীর সম্পাদিত কাজে উৎকোচ আদায়ের চেষ্টা করছেন।
ঠিকাদার সমিতির অভিযোগের বিষয়ে জানতে নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের সঙ্গে মঙ্গলবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সঙ্গে সরাসরি অফিসে যোগাযোগের কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
