সাপ্তাহিক দেড় দিন ছুটি চান দোকান কর্মচারীরা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১৩ এএম

নিয়োগ ও পরিচয়পত্র, দুটি উৎসব ভাতা, সপ্তাহে দেড় দিন ছুটি বাস্তবায়নসহ ১০ দফা দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এ দাবি জানান। তিনি বলেন, ‘রাজধানী থেকে প্রত্যন্ত গ্রামপর্যায়ে শপিং মল, চেইন শপ, পাইকারি-খুচরা বাজার মিলে প্রায় ৬০ লাখ দোকান কর্মচারী রয়েছেন। এরা সবচেয়ে নিষ্পেষিত। শ্রম আইনে সরকারি ছুটি দুদিন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এক দিন। আমাদের দেড় দিন বলা হলেও, কখনই তা বাস্তবায়ন করা হয় না। আমরা সাপ্তাহিক ছুটি দেড় দিন বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’

দোকান কর্মচারীদের বাকি দাবির মধ্যে রয়েছে– হাজিরা খাতা ও সার্ভিস বুক চালু, ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ, সার্ভিস বেনিফিটসহ দৈনিক ৮ ঘণ্টার অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম, কর্মস্থলে হতাহত হলে ক্ষতিপূরণ ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত