হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদসহ আট নেতাকর্মী।
বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার কায়সার কামাল।
জামিনপ্রাপ্ত অন্যদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম রবিন।
গত ২৬ নভেম্বর দুপুরে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনের রাস্তায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
এ ঘটনায় ওই দিন রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।
