সাংবাদিকদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি যুবলীগ নেতার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:২২ পিএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কয়েকজন সাংবাদিককে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি সুমন চন্দ্র দাস।

সাংবাদিকদের অভিযোগে জানা যায়, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজের চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি এবং বেসরকারি টেলিভিশন একাত্তর’র চিরিরবন্দর উপজেলার নিউজ কালেক্টর দ্বীপ মোহাম্মদ মানিক হোসেন বিভিন্ন সময় খবর প্রকাশ করায় চিরিরবন্দর উপজেলা যুবলীগের সভাপতি সুমন চন্দ্র দাস তাদের হুমকি দেন।

তারা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে চিরিরবন্দর উপজেলা চত্বরে সুমন চন্দ্র দাসের লোকজন হুমকি দেন সাংবাদিক মানিক হোসেনকে।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় চিরিরবন্দর থানায় উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি দ্বীপ মোহাম্মদ মানিক ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম আসাদসহ (আমাদের সময়) আরো কয়েকজন সাংবাদিক সুমন চন্দ্র দাসের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন।

দ্বীপ মোহাম্মদ জানান, সুমন চন্দ্র দাস এবং তার দলবল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা চত্বরে আমাকে এবং আমাদের অন্যান্য সাংবাদিকদের হুমকি-ধমকি দেন। তিনি আমাদের কয়েকজন সাংবাদিকদের রাস্তাঘাটে, হাটে-বাজারে যেকোনো জায়গায় একা পেলে বড় ধরনের ক্ষতির ভয় দেখান।

দৈনিক আমাদের সময় পত্রিকার চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহফুজুল ইসলাম আসাদ বলেন, ‘সুমন চন্দ্র দাস আমার হাত-পা ভেঙে দেবে বলেছেন। শুধু আমার না বরং আমাদের উপজেলার আঙ্গুর, মানিক, ভরত রায়, প্রত্যয় এসব সাংবাদিকেরও হাত-পা, ক্যামেরা ভেঙে দেবে বলে হুমকি দিয়েছেন।’

সাংবাদিক ভরত রায় প্রত্যয় জানান, ‘আমাদের হাত-পা ভেঙে দেওয়ার নামের তালিকা চিরিরবন্দর উপজেলা যুবলীগের সভাপতি সুমন চন্দ্র দাস করেছেন মর্মে আমাকে হুমকি দেন। পা ধরে ক্ষমা চাইলেও নাকি এ কয়েকজন সাংবাদিককে ক্ষমা করা হবে না। শুধু তাই নয়, সুমন চন্দ্র দাস বলেছেন, আমি দেখে নেব তোদের চারজন সাংবাদিকদের কোন বাপ এসে তোদের বাঁচায়।’

সাংবাদিককে গালিগালাজ করার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলিম সরকার।

তিনি বলেন, ‘সাংবাদিক মানিক হোসেনকে সুমন চন্দ্র দাস আমার মুখের সামনেই হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয়। সুমন দাস উপজেলার ছোট-বড় কাউকেই মানে না। ক্ষমতার দাপটে সে এখন বিরাট নেতা হয়ে গেছে।’

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা যুবলীগের সভাপতি সুমন চন্দ্র দাসের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত সরকার বলেন, ‘চিরিরবন্দরের কয়েকজন সাংবাদিক থানায় এসে সুমন চন্দ্র দাসের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত