লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বড়ালিয়ার বকুল তলা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশ বলছে, দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছে তারা। ঘটনাস্থল থেকে দুইটি একনলা বন্দুক, একটি এলজি ও ৪ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন- দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন ও বরইতোলা গ্রামের তোফায়েল আহম্মেদরে ছেলে খোরশেদ আলম।
পুলিশ জানায়, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, শাহাদাত হোসেন ও খোরশেদ আলম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাদের দুইজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় যে কোনো বাহিনীর সদস্যদের গোলাগুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।
