দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর রাস্তা থেকে সরল ইট-খোয়া

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রামসাগর যাওয়ার মূল সড়কের পাশেই বছরের পর বছর ধরে অবৈধভাবে গড়ে উঠেছে ইট-খোয়ার রমরমা ব্যবসা।

দীর্ঘদিন ধরে জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ের জমি দখল করে প্রায় ২০টি ইট-খোয়ার ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। অবৈধভাবে গড়ে ওঠা এসব ইট-খোয়ার ব্যবসা প্রতিষ্ঠান যেমন অনিরাপদ তেমনি মূল সড়কের পাশেই হওয়াতে ধুলাবালির ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

গত ২২ নভেম্বর দেশ রূপান্তরে ‘দিনাজপুরে রাস্তার পাশে ইটের খোয়ার ব্যবসা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সেই রাস্তা থেকে ইট-খোয়ার ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে ফেলার নির্দেশ দেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম।

image

তিনি নির্দেশ দেওয়ার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের নেতৃত্বে ইট খোয়ার ব্যবসা প্রতিষ্ঠান রাস্তার পাশ থেকে অন্যত্র সরিয়ে ফেলা হয়।

রাস্তার পাশ থেকে ইট ও ইটের খোয়া সরানো দেখে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

রামসাগর এলাকার মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করি। একটু বাতাস হলেই ইটের খোয়ার ধুলাবালি আমাদের চোখে এসে পড়ে। জেলা প্রশাসক রাস্তার পাশ থেকে এগুলো সরিয়ে ফেলায় আমরা অনেক খুশি। ভবিষ্যতে আর যেন রাস্তার পাশে এসব ইট-খোয়ার ব্যবসা প্রতিষ্ঠান বসতে না পারে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে।’

এ বিষয়ে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম বলেন, ‘রাস্তার দুই পাশে অবৈধভাবে রাখা ইট ও ইটের খোয়া বার বার সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলেও তারা কর্ণপাত না করায় জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে অভিযান পরিচালনা করে ইট ও ইটের খোয়ার ব্যবসা-প্রতিষ্ঠান আংশিক সরানো হয়েছে।

এখনও যারা রাস্তা দখল করে ইট ও ইটের খোয়া সরিয়ে নেয়নি তাদেরকে সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ইটের খোয়া বাজেয়াপ্ত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

image

দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রশিদুল মান্নাফ কবীর বলেন, ‘জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আংশিক অবৈধ ইট খোয়ার ব্যবসা-প্রতিষ্ঠান সরানো হয়েছে। বাকি যেগুলো আছে সেগুলোও খুব শিগগিরই সরানো হবে।’

দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম বলেন, ‘একটি সুন্দর, সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত দিনাজপুর গঠনে দিনাজপুর জেলা প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। যারা অবৈধভাবে রাস্তার পাশে ইট ও ইটের খোয়ার ব্যবসা করে আসছিলেন তাদেরকে বার বার বলার পরও যখন রাস্তার পাশ থেকে ইট ও ইটের খোয়া সরিয়ে নেননি। তখন আমরা সেগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরিয়ে ফেলি।

বাকি যেগুলো আছে সেগুলোও সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় ইটের খোয়া বাজেয়াপ্ত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত