আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতুর কাজ বাস্তবায়ন করা হবে। ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতুটি তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর নির্মিত হবে। এর দৈর্ঘ্য হবে সাড়ে ১২ কিলোমিটার। যার মধ্যে সাড়ে তিন কিলোমিটার ও দেড় কিলোমিটার দৈর্ঘ্যরে দুটি সেতু হবে, বাকিটুকু সড়ক। এ সেতুর মধ্য দিয়ে মূল ভূখ-ের সঙ্গে যুক্ত হবে ভোলা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি শীর্ষক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভোলা-বরিশাল সেতু হবে এবং এ সেতু নির্মাণ এখন সময়ের ব্যাপার। সেতুকে কেন্দ্র করে ইপিজেড ও টুরিজম হবে। ভোলা একটি শিল্পায়নের জেলা হবে। এ জেলাকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে। সভা শেষে তোফায়েল আহমেদসহ সেতু বিভাগের একটি প্রতিনিধিদল সেতুর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
